ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের গলায় ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের চিকিৎসায় ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা দিয়েছেন কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরান হাসান। একই সঙ্গে তাঁর চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন। তাঁর চিকিৎসার জন্য থেরাপি নেওয়া প্রয়োজন। চিকিৎসা ও সংশ্লিষ্ট ব্যয় মিলিয়ে আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকা প্রয়োজন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু পরিবারের পক্ষে এ বিপুল ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে অসুস্থ মান্নানের পাশে দাঁড়ান মসূয়ার সন্তান প্রবাসী ইমরান হাসান। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান কাজল, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ মিয়া, মানিক মিয়া, আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইমরান হাসানের এ উদ্যোগের পাশাপাশি আবদুল মান্নানের চিকিৎসার জন্য আরও আর্থিক সহায়তা প্রয়োজন। এ অবস্থায় তাঁর চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
একজন অসুস্থ মানুষের চিকিৎসায় সবার সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়ে আবদুল মান্নানের চিকিৎসার পথ সহজ করতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
