পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

শাহরিয়ার খান নাফিজ (বিশেষ প্রতিনিধি) প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির চা-শ্রমিকেরা বকেয়া মজুরি, এরিয়ার টাকা ও শারদীয় দুর্গাপূজার বোনাসসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দেউন্দী চা-বাগানে চারটি বাগানের শ্রমিকদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল। বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ জানান, দেউন্দী টি কোম্পানি লিমিটেডের ম্যানেজার শ্রমিকদের আশ্বাস দিয়েছিলেন যে শারদীয় দুর্গাপূজার আগেই তাঁদের সব বকেয়া পাওনা পরিশোধ করা হবে। কিন্তু বারবার সময়সীমা পরিবর্তন করেও পাওনা পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মালিকপক্ষের এমন টালবাহানার কারণেই শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ। তাঁরা আরও জানান, আগামীকালের মধ্যে শ্রমিকদের সব দাবি বাস্তবায়ন করা না হলে লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হবে।

চা-শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ ও লস্করপুর ভ্যালি আঞ্চলিক শাখা।

শ্রমিকদের বকেয়া মজুরি, এরিয়ার টাকা ও দুর্গাপূজার বোনাস দ্রুত পরিশোধ করে তাঁদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ ও লস্করপুর ভ্যালি আঞ্চলিক শাখা।