নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশেষ দাওয়াতি ছাত্রসংযোগ মাস উপলক্ষে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা সদরের স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।
কটিয়াদি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মাহফুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন, কটিয়াদি উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান এবং জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান মাহফুজ বলেন, একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব হলো মনোযোগসহকারে লেখাপড়া করা। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিজ নিজ শ্রেণিতে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কেবল ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়, বরং শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক গুণাবলি অর্জন করা জরুরি। নৈতিকতার সমন্বয় ছাড়া শিক্ষা পূর্ণতা পায় না।
বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

