পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা • শীতের আগেই অতিথি পাখি শিকার ও বিক্রির অভিযোগ, হুমকিতে জীববৈচিত্র্য • হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের • তানজিমুল উম্মাহ অ্যালামনাই এসোসিয়েশন ও ইবনেসিনার সাথে কর্পোরেট চুক্তি সাক্ষর • লক্ষ্মীপুরের রায়পুরে চার্জে দিয়ে গেম খেলার সময় মোবাইল বিস্ফোরণ, দুই যুবক আহত • অপহৃত ২ বছরের শিশু টাঙ্গাইলে উদ্ধার, গৃহকর্মী গ্রেপ্তার। • শেরপুরের শ্রীবরদীতে এলএফও সদস্যদের মাঝে ৫২০টি গাছের চারা বিতরণ • রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

প্রেসিডেন্টের পদত্যাগের খবর অস্বীকার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৮:১১ এএম
ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে যা বলছে তেহরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগপত্র জমা দেওয়ার খবর প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। বিদেশি কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর তেহরান বলেছে, প্রেসিডেন্টের প্রশাসন দেশের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে।

রোববার (৩১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে একই দিনে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানী এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সরকার ও প্রেসিডেন্টের ভূমিকা সীমিত হয়ে পড়েছে। তবে এ দাবির পক্ষে কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

অন্যদিকে, সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের পদত্যাগের খবর ভিত্তিহীন। তিনি জানান, বর্তমান প্রশাসন দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে এবং জনগণের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে ইরান প্রেস জানায়, সাম্প্রতিক এক মন্ত্রিসভা বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জাতীয় সংহতি, জনসচেতনতা এবং জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

এখন পর্যন্ত প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগের বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি বিদেশি গণমাধ্যমের দাবি এবং ইরানের সরকারি অস্বীকারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, ইরনা, ইরান প্রেস