পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৮ জুলাই, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কুড়িগ্রামে সীমান্তে ৭৫ হাজার টাকার জাল নোট নিয়ে মাদক কিনতে গিয়ে আটক ১

আব্দুল্লাহ আল গালিব
আব্দুল্লাহ আল গালিব , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশি জাল নোট নিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় মাদক কেনার প্রস্তুতিকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট জব্দ করা হয়েছে।

রোববার (৬ জুলাই) রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার সংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন পাথরডুবি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কানিবাড়ি-মইদাম এলাকার বাসিন্দা মো. আনোয়ার মিয়া। তিনি কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নির্দেশনায় এবং ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে একটি দল কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় জাল নোট ব্যবহার করে মাদক কেনাবেচার অভিযোগে ছায়া তদন্ত চালায়। তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আনোয়ার মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে বাংলাদেশি ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে বাংলাদেশে এনে বিক্রি করতেন। এছাড়া তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও পুলিশের কাছে জানিয়েছেন।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্ত এলাকার মাদক ও চোরাকারবারিরা অধিক মুনাফার আশায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কৌশল অবলম্বন করে। অনেক ক্ষেত্রে তারা বাংলাদেশি জাল নোট ব্যবহার করে মাদক কেনাবেচার চেষ্টা করে। তাই সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মুদ্রা লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট নিজের হেফাজতে রাখা এবং সংশ্লিষ্ট অন্যান্য অপরাধের অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ ও বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।