চারশত পরিবারের পাশে ‘গো-আপ ফাউন্ডেশন’
বান্দরবানে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড় ধসের কবলে বান্দরবানের বিভিন্ন উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে তরুণদের নেতৃত্বাধীন অলাভজনক মানবিক সংগঠন ‘গো আপ ফাউন্ডেশন’। সংগঠনের ‘ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার রেসপন্স টিম’ অত্যন্ত দ্রুততার সাথে স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবকদের সহায়তায় দুর্গম এলাকাগুলোতে জরুরি ত্রাণ ও সাহায্য বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।
দুই দিনব্যাপী পরিচালিত এই মানবিক কার্যক্রমে বান্দরবানের বিভিন্ন প্রান্তের প্রায় ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। গো আপ ফাউন্ডেশনের পাশাপাশি যৌথভাবে সহযোগিতা করেছে ফুটস্টেপ বাংলাদেশ, সেতু এনজিও এবং রিনিউয়াল আর্থ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমদ খান বলেন, দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় গো আপ ফাউন্ডেশন সর্বদা প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ৪০০টি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি। তবে আমাদের কাজ এখানেই শেষ নয়; রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণের পর আমরা এখন একটি মেডিকেল ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছি। খুব শীঘ্রই মেডিকেল ক্যাম্পের কাজ শুরু হবে এবং এর পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টেকসই পুনর্বাসনের জন্য কাজ করবে গো আপ ফাউন্ডেশন।
গো আপ ফাউন্ডেশনের বান্দরবানের স্থানীয় স্বেচ্ছাসেবী রোমানা বলেন, পাহাড় ধস আর বন্যার পানিতে বিপর্যস্ত মানুষের পাশে গো আপ ফাউন্ডেশনের হয়ে তাদের হাতে সাহায্য তুলে দিতে পেরে এক ধরনের মানসিক শান্তি পাচ্ছি। আমাদের এই লড়াই এখনই থামছে না।
সংগঠনের আরেক স্বেচ্ছাসেবক আব্দুল জাহিদ বলেন, দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোটা বেশ ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমাদের টিমের তরুণদের মনোবল আর সাধারণ মানুষের মুখের আকুতি আমাদের থামতে দেয়নি।
