পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

নাগেশ্বরীর ‘বগুড়া দই ঘর’ এর নোংরা পরিবেশ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

মোঃ কাজল ইসলাম
মোঃ কাজল ইসলাম , জেলা প্রতিনিধি প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌর শহরের মুক্তিযোদ্ধা অফিসের পূর্ব পাশে অবস্থিত ‘বগুড়া দই ঘর’-এ অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব এবং কর্মীদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে এক গ্রাহক প্রতিষ্ঠানটির একটি কেবিনে বসে খাবার খাওয়ার সময় অতিরিক্ত মশা ও মাছির কারণে চরম ভোগান্তিতে পড়েন। তিনি দায়িত্বরত ওয়েটারের কাছে মশা তাড়ানোর জন্য স্প্রে বা কয়েলের ব্যবস্থা করার অনুরোধ জানান। তবে কিছুক্ষণ পর ওয়েটার এসে জানান, এ বিষয়ে তাদের কিছু করার নেই।

ভুক্তভোগীর দাবি, পরে অন্য এক কর্মী পানি পরিবেশন করতে এলে তার শরীর ঘামে ভেজা ছিল। পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি অন্য কাউকে পাঠানোর অনুরোধ করলে কর্মীকে সরিয়ে নেওয়া হয়।

খাবার শেষে বিল পরিশোধের সময় গ্রাহক কাউন্টারে দায়িত্বরত ক্যাশিয়ারকে প্রতিষ্ঠানটিতে মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার পরামর্শ দেন। অভিযোগ রয়েছে, এ সময় ক্যাশিয়ার উত্তেজিত হয়ে অশালীন ভাষায় তার সঙ্গে কথা বলেন, যা উপস্থিত অন্যদেরও বিস্মিত করে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে কর্মীদের আচরণ নিয়েও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। তারা বলেন, জনপ্রিয় একটি খাদ্য প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ ও ভদ্র আচরণ নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব।

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়, দোকানের ভিতরের ও বাহিরের পরিবেশ অস্বাভাবিক নোংরা আবর্জনায় ভরা। হোটেলের ভিতরের চারদিকের মেজেতে ছড়িয়ে ছিটে পড়ে থাকতে দেখা যায় ক্রেতার ব্যবহার করা টিস্যু ও আরও অন্যান্য নোংরা আবর্জনা। একটি হোটেলের এমন অস্বাস্থ্যকর পরিবেশের ফলে সাধারণ মানুষের বড় ধরনের ঝুঁকি হওয়ার আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষের সে বিষয় কোন পদক্ষেপ নেই। নিয়মিত পরিস্কার ও গ্রাহকদের সুবিধার জন্য মশা, মাছিসহ বিভিন্ন কীটপতঙ্গ তাড়ানোর জন্য কী প্রয়োজনীয় ব্যবস্থা উদ্যোগ নেই। খাবার হোটেলে পরিবেশ ও গুণগত মান নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠলেও কর্তৃপক্ষ তা তোয়াক্কা না করে নিয়মিত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে হোটেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে নাগেশ্বরী বাজার মনিটরিং কমিটি এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

তবে এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান ‘বগুড়া দই ঘর’-এর কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।