টঙ্গীতে সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মাহবুবুর রহমান জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংবাদকর্মীরা।
সোমবার (১৮ মে) সকালে টঙ্গীর কলেজ গেট এলাকায় জাতীয় গণমাধ্যম কমিশন ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত মাহবুবুর রহমান জিলানীর ওপর হামলার ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম কমিশনের সদস্য সচিব কালিমুল্লা ইকবাল, সুজন গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহীম খলিল, দৈনিক যায়যায়দিনের টঙ্গী প্রতিনিধি রেজাউল কবির রাজিব, গাছা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল রহমান আরিফ,
আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খান, বাংলাদেশ জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির মহাসচিব বিএম আশিক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল ও মানবাধিকার সম্পাদক রোমান শেখসহ অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
