তানজিমুল উম্মাহ আলিম মাদরাসা আধুনিক ও যুগোপযোগী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত: এস এম জাহাঙ্গীর
মাদরাসা শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত তানজিমুল উম্মাহ মাদরাসা বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলছে তানজিমুল উম্মাহ মাদরাসা। মাদরাসায় পড়াশোনা করেও যে বিশ্বমানের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া সম্ভব, এ প্রতিষ্ঠান তার উজ্জ্বল উদাহরণ।
সোমবার (১৭ আগস্ট) তানজিমুল উম্মাহ আলিম মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাক্ষেত্র, প্রতিযোগিতা ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী কয়েক শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তানজিমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এবং তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসবাউল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. শাহজাহান আল মাদানী, দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ ছাদেক হাসান, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, মাদরাসা শিক্ষা ও সাধারণ শিক্ষা—দুই ধারার শিক্ষাকেই এগিয়ে নিতে হবে। বর্তমান সময়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তানজিমুল উম্মাহ মাদরাসা ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় করে শিক্ষার্থীদের গড়ে তুলছে।
এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, তানজিমুল উম্মাহ মাদরাসা শুধু দেশে নয়, বিশ্বব্যাপী এগিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন দেশের আধুনিক ও মডেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এটি আমাদের সবার জন্য আনন্দ ও গর্বের বিষয়। মাদরাসায় পড়াশোনা করেও যে বিশ্বমানের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, তানজিমুল উম্মাহ তার উজ্জ্বল দৃষ্টান্ত।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাতে হবে।
সভাপতির বক্তব্যে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল বলেন, কুরআন-সুন্নাহর শিক্ষার সঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয় ঘটিয়ে একটি যোগ্য, নৈতিক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলাই তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের লক্ষ্য।
তিনি বলেন, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। শুধু ধর্মীয় শিক্ষা কিংবা শুধু সাধারণ শিক্ষা দিয়ে তাদের পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা সম্ভব নয়। দ্বীনি মূল্যবোধের পাশাপাশি আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাক্ষেত্র, প্রতিযোগিতা ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী কয়েক শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাফল্য, প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
