পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার স্ত্রী

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রী ঝুমা আক্তারকে দেওয়া সেলাই মেশিন ফেরত নিয়েছে জামায়াত। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে তাঁর বাড়ি থেকে মেশিনটি নিয়ে যান ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী। এ সময় স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন উপহার দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে মেশিনটি ফেরত দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

ঝুমা আক্তার বলেন, তাঁর স্বামীর বন্ধু ইদ্রিস আলী ব্যক্তিগতভাবে সেলাই মেশিনটি উপহার দিয়েছেন বলে তিনি জানতেন। পরে জানতে পারেন, এটি জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারটি আর্থিক সংকটে পড়ে। পরিবারটির সহায়তায় বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান, গভীর নলকূপ ও টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ঘর নির্মাণের সামগ্রী দেওয়ার প্রক্রিয়াও চলছে।

গত মঙ্গলবার বনগ্রাম ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে ঝুমা আক্তারকে সেলাই মেশিনটি দেওয়া হয়েছিল।

মাওলানা মো. ইদ্রিস আলী বলেন, ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকেই সেলাই মেশিনটি দেওয়া হয়েছিল। গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রচারিত হওয়ায় পরিবারটি বিব্রত হয়েছে। পরিবারের পক্ষ থেকে মেশিনটি ফেরত দেওয়ায় তিনি সেটি নিয়ে যাচ্ছেন।