ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নিখোঁজ তা’মীরুল মিল্লাতের ছাত্রী, আড়াই মাসেও মেলেনি সন্ধান; পুলিশের বিরুদ্ধে ধীরগতির অভিযোগ

মোহাম্মদ আব্দুল্লাহ
মে ৮, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

ক্যম্পাস প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিখোঁজ হওয়ার আড়াই মাস পরও সন্ধান মেলেনি তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ফাতেমার (১৫)। মেয়েকে ফিরে পেতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার মা খুশি বেগম। পরিবারের অভিযোগ, তদন্তের ধীরগতি ও পুলিশের নিষ্ক্রিয়তায় উদ্ধার কার্যক্রমে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী বাবার পরিবারটি আগে ঢাকার মানিকদী এলাকায় বসবাস করত। সেখানে স্থানীয় যুবক হাসিবুল সুলতান দীর্ঘদিন ধরে ফাতেমাকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ পরিবারের। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও স্থায়ী সমাধান না হওয়ায় নিরাপত্তার আশায় পরিবারটি পরে টঙ্গীর হাউজপাড়া এলাকায় বাসা ভাড়া নেয়।

পরিবারের দাবি, প্রায় আড়াই মাস আগে মাদ্রাসায় যাওয়ার পথে অভিযুক্ত হাসিবুল সুলতান ফাতেমাকে কৌশলে নিয়ে যান। এরপর থেকেই কিশোরীটি নিখোঁজ রয়েছে বলে জানান স্বজনরা।

নিখোঁজের পরপরই টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে দাবি করেন ফাতেমার মা খুশি বেগম। তার ভাষ্য, মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন শুরু থেকেই বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেননি। পরিবারের অভিযোগ, বিভিন্ন আশ্বাসের কথা বলে তাদের কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা নেওয়া হয়েছে। তবে টাকা দেওয়ার পরও কার্যকর কোনো অভিযান পরিচালনা করা হয়নি বলে দাবি তাদের।

খুশি বেগম বলেন, “আড়াই মাস হয়ে গেল। আমার মেয়েটা বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই জানি না। থানায় গিয়েও কোনো সহযোগিতা পাইনি। আমি শুধু আমার মেয়েকে ফিরে চাই।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সৌদি প্রবাসী বাবা বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের। এছাড়া অভিযুক্ত পক্ষের কাছ থেকে ভয়ভীতি ও হয়রানির অভিযোগও তুলেছেন স্বজনরা।

তবে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “অভিযোগগুলো সঠিক নয়। নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে ওসি তদন্ত কর্মকর্তা ইমানুর রহমান জানান, ওসি বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি যোগ দেওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়া হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) মহিউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, অভিযোগ পেলে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, নিবন্ধ, আলোকচিত্র, গ্রাফিক্স, অডিও এবং ভিডিও কন্টেন্ট কর্তৃপক্ষের নিজস্ব সম্পদ। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কোনো তথ্য বা মাল্টিমিডিয়া কন্টেন্ট কপি, প্রকাশ বা অন্য কোনো উপায়ে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।